নিজস্ব প্রতিবেদক
‘দেশে অন্যায়-অবিচার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেছেন, ‘এর একটা সুরাহা হতে হবে। সারাদেশের মানুষের না খেয়ে জীবনযাপন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এগুলো মীমাংসা হওয়া দরকার। তারেক রহমানকে স-সম্মানে দেশে ফিরিয়ে আনতে হবে। এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা প্রতিজ্ঞা করবো, যতক্ষণ আমাদের প্রাণ আছে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব।’
শনিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে জেলা বিএনপির অষ্টম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল দশটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা সম্মেলন আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিমসহ কেন্দ্র-জেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সম্মেলনের মধ্য দিয়ে নেতৃত্বে আসবেন রাঙামাটি জেলা বিএনপির আগামী দিনের কাণ্ডারিরা।
