জিয়াউল জিয়া
রাঙামাটি থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া গাছ বোঝাই ট্রাকে ২৫ থেকে ৩০ রাউন্ড অতর্কিত সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার বেলা ১২টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাঙামাটি শহরের খুব কাছেই দেপ্প্যাছড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে রাঙামাটি পুলিশ। যে গাড়ীতে গুলিবর্ষন করা হয় সেই গাড়ির নম্বর চট্ট মেট্টো ১১-০৮৩৭।
ট্রাক চালক জানিয়েছেন, গাছ বোঝাই ট্রাকে পাহাড়ের থেকে অতর্কিত কে বা কারা গুলি বর্ষণ করে। পরে অস্ত্রসহ কয়েজন সড়ক ধরে আবার পাহাড়ী পথ ধরে চলে যায়।
রাঙমাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘দিনের বেলার এভাবে রাঙামাটি চট্টগ্রাম সড়কে সন্ত্রাসীরা ট্রাকে গুলি করে চলে গেল। তাহলে আমাদের শ্রমিকের জীবনের নিরাপত্তা কোথায়। এভাবে চলতে থাকলে কোন গাড়ি সড়কে চালাব না আমরা।’
রাঙামাটি কাঠ ব্যবসায়ি সমবায় সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক শাওন ফরিদ এই প্রসঙ্গে বলেন- ‘আমার প্রায় তিন বছর ধরে কোন গ্রুপকে চাঁদা দিচ্ছিনা। চাঁদা না দেয়ার কারণে আঞ্চলিক বিভিন্ন দলের নামে আমাদের কাছে চাঁদা চায়,কিন্তু আমরা চাঁদা দিচ্ছিনা কাউকে। এই কারণেই হয়ত আমাদের কাঠ পরিবহন করা একটি ট্রাকে গুলি করেছে এদের কেউ। বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি আমরা। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই এবং স্বাভাবিক ব্যবসা করার নিশ্চয়তা চাই। এভাবে দিনেদুপুরে দেপ্যছড়ির মত জায়গায় যদি গুলি করে চলে যায় তাহলে তো এর নেতিবাচক প্রভাব পাহাড়ের ব্যবসাবাণিজ্য পর্যটন সবকিছুতেই পড়বে।’
রাঙামাটির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় কয়েক জনের সাথে কথা বলেছি। যতটুকু জেনেছি গাড়িতে মোট ২৫-৩০ গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা। প্রাথমিক ভাবে ধারনা হচ্ছে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এই ঘটনা। বিষয়টি নিয়ে পুলিশ আরও তদন্ত করবে। পরে বিস্তারিত জানানো যাবে।
