জিয়াউল জিয়া
রাঙামাটি চট্টগ্রাম সড়কে কাঠবাহী ট্রাকে সন্ত্রাসী কর্তৃক গুলিবর্ষণের প্রতিবাদে সমাবেশ করেছে রাঙামাটি জেলা ট্রাক-মনিট্রাক ও পৌর ট্রাক টার্মিনাল মালিক শ্রমিক যৌথ কমিটি।
বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাক টার্মিনাল সড়কে অবরোধ করে ঘন্টাব্যাপি প্রতিবাদ সভা করে সংগঠনটি। সমাবেশ থেকে দোষীদের গ্রেফতারে ৭ দিনের আল্টিমেটাম দেয়া হয়।
বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ট্রাক মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি আলহাজ¦ সাব্বির আহাম্মদ ওসমানী, ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, রাঙামাটি জেলা মিনিট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক টিটু বিশ^াস সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
ট্রাক মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি আলহাজ¦ সাব্বির আহাম্মদ ওসমানী বলেন, পার্বত্য অঞ্চলের অসহায় মানুষগুলো পাহাড়ের পণ্য বহন করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু পাহাড়ের অবৈধ কিছু অস্ত্রধারী প্রতিনিয়ত বিভিন্ন ট্রাক মিনিট্রাক সহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা উত্তোলণ করছে প্রতিনিয়ত। এছাড়াও রাঙামাটি সড়ক চালকদের উপর হয়রানী করা হচ্ছে। সন্ত্রাসীদের কারণে পাহাড়ের প্রতিটি মানুষ আজ ক্ষতিগ্রস্থ।
প্রতিবাদ সমাবেশে রাঙামাটি জেলা ট্রাক মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরী এই আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ, সড়কে চালকদের নিরাপত্তা, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা না হলে আগামী ৭দিন পর কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হয়।
প্রতিবাদ সভার চলাকালীন সময় শহরের মূল সড়ক বন্ধ থাকায় দুই পাশে গাড়ি চলাচল বন্ধ থাকে। যাতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।
এর আগে বুধবার দুপুরে রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া গাছ বহনকারি একটি ট্রাক রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্যছড়ি এলাকায় পৌঁছালে পাশের পাহাড় থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত ২০/৩০ রাউন্ড গুলি করে। শহরের খুব কাছেই এমন ঘটনায় আতংক ছড়িয়ে পড়েছে শহরে।
