ঝুলন দত্ত, কাপ্তাই
তাদের ঘর, সংসার, ব্যবসা, সম্পত্তি সবই ছিলো। সুখের এই পৃথিবীতে তাদের দিনগুলো সুখে কাটছিল। কিন্তু অজানা এক ঝড়ে সব কিছু লন্ডভন্ড হয়ে যায় তাদের। গত দেড় বছর যাবৎ মরণব্যাধি লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মোস্তফা মিয়া(৩৮) ও তার স্ত্রী নাছিমা বেগম (৩০)। বলছি রাঙামাটির কাপ্তাইয়ের ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়িস্থ ভেলুয়াছড়া পাড়ার বাসিন্দা মোস্তফা মিয়ার পরিবারের কথা।
ইতোমধ্যে চিকিৎসার জন্য সব হারিয়ে এখন অন্যের ভাড়া করা ঘরে বসবাস করছেন তারা। নিজের চিকিৎসা করার পাশাপাশি মরার উপর যেন খাড়ার ঘাঁ এর মতো দাঁড়িয়েছে স্ত্রী নাছিমা বেগমের অসুখও। দীর্ঘ ৫ মাস যাবৎ তার স্ত্রীর দুটি কিডনী সম্পূর্ণ নষ্ট হয়ে গেছ জানায় চিকিৎসক।
এদিকে, স্ত্রীর চিকিৎসা করতে ক’দিন পর পর চট্টগ্রামে কিডনি ডাইলোসিস কেন্দ্রে গিয়ে কিডনি ডাইলোসিস করতে মাসে খরচ হয় ১২ থেকে ১৫ হাজার টাকার মতো। এছাড়া মোস্তফার মাসে তিনটি ইনজেকশন বাবদ খরচ হয় ৩ হাজার টাকা। প্রতিমাসে স্বামী-স্ত্রীর চিকিৎসা খরচ লাগে ৪০-৫০ হাজার টাকার মতো। এরই মধ্যে মোস্তফার গলায় ৫টি রিং বসানো হয়েছে।
আলাপকালে মোস্তফা জানান, আমাকে এবং আমার স্ত্রীকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সর্বস্তরের লোকজনের সাহায্য সহযোগিতা চাই। এদিকে স্ত্রী নাছিমা বেগমও তাদের বাঁচাতে সর্বস্তরের লোকজনের নিকট মানবিক সাহায্যর আবেদন জানান। ৬৫ বছর বয়সী মোস্তফার বৃদ্ধ মা হোসনেয়ারা বেগম কান্নাজড়িত কন্ঠে জানান, ছেলে ও ছেলের স্ত্রীর চিকিৎসা বাবদ সব হারিয়ে এখন পথে বসেছে। কখনো খেয়ে কখনো না খেয়ে রাত্রিযাপন করছি। সংসারে বৃদ্ধ মা, এসএসসি পরীক্ষার্থী মেয়ে, ৪ ভাই ৩ বোনের সংসারের এদের দুজনের চিকিৎসা বাবদ সহায়-সম্বল সব হারিয়েছে এখন পথে বসেছে এই পরিবারটি।
মোস্তফা মিয়া চট্টগ্রামের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. শাহাদাত হোসেন ও তার স্ত্রী নাছিমা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার এমএস হায়দারের চিকিৎসা ও পরামর্শ নিচ্ছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে এই দুই চিকিৎসক জানান, তাঁরা আমাদের অধীনে চিকিৎসা নিচ্ছেন। এই চিকিৎসা ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী।
ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন তাদের পরিবারের এই দুর্দশার কথা স্বীকার করে জানান, আমরা সকলে তাদের সাহায্যে এগিয়ে এসেছি এবং সকলকে এগিয়ে আসার অনুরোধ করছি।
তাদের সাহায্য ও যোগাযোগ করার ঠিকানা মো. মোস্তফা মিয়া- ০১৮৫১-৩৯৪০০২ (বিকাশ)। নাছিমা বেগম হিসাব নং- ৫৪০৩১০১০১১১৩৮ সোনালী ব্যাংক লি. বড়ইছড়ি শাখা কাপ্তাই, রাঙামাটি।
