মিশু মল্লিক
রাঙামাটিতে শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’। মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের ব্যস্ততম এলাকা উত্তরা ব্যাংকের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেইনবো রেস্তোরাঁর সামনে গিয়ে শেষ হয়। এসময় শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রা শেষে রেইনবো রেস্তোরাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা পোস্টের রাঙামাটি প্রতিনিধি মিশু মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, রাঙামাটির প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মেদ, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা, ১নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী।
এতে আরও উপস্থিত ছিলেন একতা শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, হিন্দু বিবাহ নিবন্ধক খোকন কুমার দে, দৈনিক পার্বত্য চট্টগ্রামের নির্বাহী সম্পাদক হেফাজত সবুজ, বার্তা সম্পাদক শংকর হোড়, প্রধান প্রতিবেদক সৈকত রঞ্জন চৌধুরী, আরটিভির জেলা প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল, চ্যানেল টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি জিয়াউল হক, নির্ঝর সংঘের সাধারণ সম্পাদক রাজু শীল, সিএইচটি পলিটেকনিকের হিসাবরক্ষণ কর্মকর্তা পার্থ সেন, নব উদ্যোগ সংঘের সভাপতি মিঠুন সিংহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ঢাকা পোস্ট সাধারণ মানুষের কথা তুলে ধরবে। দেশের সচরাচর সাংবাদিকতার বাইরে বস্তুনিষ্ট ও ব্যতিক্রমী সংবাদ পাঠকের কাছে তুলে ধরার মাধ্যমে ঢাকা পোস্ট সাধারণ মানুষের আস্থার জায়গা অর্জনে সম্ভব হবে। ঢাকা পোস্ট সত্য সংবাদ তুলে ধরার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। আলোচনা সভা শেষে কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।
