‘কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা উপমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম মামুনু রশিদ বলেন, ‘বাংলার নারী জাতির পথ প্রর্দশক বেগম রোকেয়া। আর এই মহীয়সী নারী সমাজের অগ্রগতির জন্য কাজ করে গেছেন। তাই নারী সমাজকে আর পিছনে তাকানোর কোন সুযোগ নেই। সকল বিপত্তি পিছনে ফেলে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে যেতে হবে। মহীয়সী নারী বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে নারী সমাজকে এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী সমাজকে দেশের সার্বিক উন্নয়নে সম্পৃক্তকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। আর নারী পুরুষ সবাই মিলেমিশে কাজ করলে দেশ অনেক এগিয়ে যাবে। তাই সমাজে নারী অধিকার প্রতিষ্ঠাই সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
পরে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জন, সফল জননী হিসাবে সাফল্য অর্জন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন পরিচালনার জন্য ৫জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
