সারাদেশে ৭০৫৯ জন কর্মচারীকে নিয়মিত করার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাঙামাটি জেলা শাখা। মঙ্গলবার সকালে সড়ক ও জনপথ রাঙামাটি সদর সার্কেল চত্ত্বরে তিন ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাঙামাটি জেলার সভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল হাসেন, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি ইন্দ্র দত্ত তালুকদার, সাধারণ সম্পাদক কাজী মঈনুল হোসেন ও শ্রমিক নেতা নাদিরুজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কোনও আন্দোলনই ব্যর্থ হয় না, আন্দোলন করলে সফলতা আসবেই, আমাদেরকে দাবি আদায়ে লড়ে যেতে হবে। একই সাথে আমাদের বিকেল ৫ টার পর অফিসের কাজে কর্মবিরতি রাখতে হবে। বক্তারা আরও বলেন, প্রয়োজন হলে আমরা কাপনের কাপড় পড়ে রাজপথে নামবে, আমাদের দাবি আদায়ে প্রয়োজনে জীবন বাজি রেখে লড়ে যেতে হবে। দাবি মানা না হলে আমরণ কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে আগামী রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করার কর্মসূচি ঘোষণা করেন।

১ Comment
এরা কি রাস্তায় কাজ করে? বসে বসে বেতন তুলে নিচ্ছে।