নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম পুলিশের পৃথক অভিযানে বুধবার ৪ হাজার ৩০ পিচ ইয়াবাসহ ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। এই দিন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমস্থ ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে ঘুমধুম পুলিশের পৃথক অভিযানে বিকাল সাড়ে ৫টার দিকে মো. শাহাজহান (৫৬) নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে ২হাজার ২শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা বহনকারী মো. শাহজাহান কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ড ভালুকিয়া গ্রামের হাকিম মিয়ার ছেলে।
অপরদিকে একই স্থান থেকে দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সন্দেহনজকভাবে এক মহিলা সহ ৩ ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে মহিলাকে বমি করালে, বমির সাথে ইয়াবা ট্যাবলেট বেরিয়ে আসে। পাশাপাশি মহিলার স্বীকারোক্তি মোতাবেক অপর ২ আটক ব্যক্তির কাছ থেকেও ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭ শত ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন, নাটোরের সদর উপজেলার ছাতনী বেলঘরিয়ার মোঃ হালিম শেখের স্ত্রী, জলিল মৃধা ও মৃত লুৎফা বেগম দম্পতির কন্যা রেশমা আক্তার (৩৩), রেশমার স্বামী পাবনার সদর উপজেলার কোলচরি পূর্ব চরতারাপুর এলাকার মৃত রহিম শেখ ও শাহিদা খাতুন দম্পতির ছেলে মো. হালিম শেখ (৩৭) এবং নড়াইলের সদর উপজেলার মধুরগাথি এলাকার শহীদুল ইসলাম ও মোরশেদা বেগম দম্পতির ছেলে সালাহ উদ্দিন (২২)।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের সার্বিক নির্দেশনা ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সোহাগ রানা’র তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালিত হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।
