বান্দরবানের লামা উপজেলায় মিনি ট্রাক চাপায় একটি যাত্রীবাহী টমটম গাড়ির ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ যাত্রী।
বুধবার বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি হারগাজা-ডুলহাজারা সড়কের সানমার রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফাঁসিয়াখালী ইউনিয়নের কুরুকপাতা ঝিরির বাসিন্দা রশিদ আহমদের ছেলে মো. ইব্রাহিম (১৫), পাগলীর আগার বাসিন্দা মৃত নুরুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (৫২) ও মৃত পেঠান আলীর ছেলে আবু তালেব (৩২)। আহতরা হলেন- আবদুল হাকিম, আয়েশা বেগম, ছৈয়দুল হক, আকাশ ও জান্নাতারা বেগম।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার জানান, হারগাজা এলাকা থেকে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে যাত্রীবাহী একটি টমটম গাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের দিকে যাচ্ছিল। টমটমটি সড়কের সানমার রাবার বাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি মিনি ট্রাক টমটম গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশুসহ ৩ যাত্রী মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’