রাঙামাটির বরকল উপজেলায় সহকর্মীর ছুরির আঘাতে আপ্রুসে মারমা (৩২) নামে এক নির্মাণ শ্রমিক খুন হয়েছে। এসময় ক্যাজারি চাকমা (৩০) নামে আরেকজন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের দু’জনের বাড়ি বরকল সদর ইউনিয়নের কেয়াংপাড়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে কেয়াং পাড়ার মৃত চাইলং মারমার ছেলে আপ্রুসে মারমা উপজেলার সীমান্তবর্তী ভূষণছড়া ইউনিয়নের ঠেগামুখ জনশক্তি বৌদ্ধ বিহারের নতুন ভবন নির্মাণে চুক্তি করে। বৌদ্ধ বিহারটি নির্মাণের জন্য আপ্রুসে মারমা তার সহকারী হিসাবে দৈনিক মজুরিতে ক্যাজারী মারমা মংমংচাই মারমাসহ ৫ জনকে নিয়ে কাজ করতে যায়। এদের মধ্যে একজন মংমংচাই মারমা আগাম মজুরির টাকা নিয়ে কাজে গেলেও কাজ না করে মদ্যপান করে থাকতো।
এ ব্যাপারে মং মং চাই মারমার সাথে আপ্রুসে মারমার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মঙ্গলবার রাত নয়টার দিকে খাওয়া দাওয়া সেরে ঘুমানোর সময় হঠাৎ মংমংচাই মারমার (৩২) হাতে থাকা ছুরি দিয়ে আপ্রুসে মারমাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আপ্রুসে মারমা। ঘটনার পর মংমংচাই মারমা পালিয়ে যায়। মংমং চাই মারমা বরকল সদরের কেয়াং পাড়ার কার্বারি মংহ্লাচিং মারমার বড় মেয়ের জামাই। তার বাড়ি বান্দরবান জেলায় বলে জানা গেছে।
বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ খান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আপ্রুসে মারমার লাশ ও আহত ক্যাজারী মারমাকে উদ্ধার করে নিয়ে আসে। তিনি জানান, থানায় মংমংচাই মারমার বিরুদ্ধে হত্যা মামলা করেছে নিহত আপ্রুসে মারমার বড় ভাই মংহ্লাপ্রু মারমা।