খাগড়াছড়ির গুইমারাতে দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার সকালে গুইমারার হাফছড়ি নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
গুইমারা থানার ওসি বিদ্যুৎ কুমার দে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিগন্ত কংকা(চট্টমেট্র- ১১-০১৮০) নামক যাত্রীবাহি বাসটি গুইমারার হাফছড়ি নামক এলাকায় পাহাড়ী সড়ক দিয়ে নামার সময় বিপরীত দিক থেকে আসা চিনকি মাওলা (চট্টমেট্র জ-১১-০০০৯) নামের অপর একটি বাসকে সামনে থেকে ধাক্কা দিলে দূর্ঘটনা ঘটে। ঘটনার পরপরি ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখান থেকে আশংকাজনক অবস্থায় ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। দূর্ঘটনার কারণে প্রায় আধা ঘন্টা খাগড়াছড়ির সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
Previous Article৮ হাজার পরিবারের জন্য খাগড়াছড়ি পৌরসভার ভিজিএফ সহায়তা
Next Article খাগড়াছড়িতে রিফ্রেসার্শ কোর্স
