খাগড়াছড়ি প্রতিনিধি ॥
যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে খাগড়াছড়ি ইমামদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর উদ্যোগে সোমবার সকাল ১১ টায় খাগড়াছড়ি শিল্পকলা একাডেমি মিলনায়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি নাটাবের সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির স্বাস্থ্য বিভাগের ডেপুটি সিভিল সার্জন ডা. মিঠন চাকমা। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ক্যাচিংহ্লা মারমা ও নাটাব প্রতিনিধি মো. হেলাল উদ্দিন।
সভায় প্রধান অতিথি ডেপুটি সিভিল সার্জন ডা. মিঠন চাকমা বলেন, প্রাণঘাতি করোনার চেয়েও যক্ষ্মা মারাতœক। করোনার মত যক্ষ্মাও হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। তিনি যক্ষ্মাসহ বিভিন্ন মরণ ব্যাধি ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আলোচনা করতে ইমামদের প্রতি আহবান জানান। সভার যক্ষ্মা রোগী সনাক্ত করতে ইমাম সমাজের সহায়তা কামনা করা হয়।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন মসজিদের ৩০ জন ইমাম অংশগ্রহণ করেন।
