সাইফুল হাসান ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠায় ঐ শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার সুইডেন পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এ বিক্ষোভ করেন।
বিক্ষোভ থেকে অভিযুক্ত শিক্ষক সিভিল উড বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর মো. এজাবুর আলম (৩৫) কে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। এসময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষক মো. এজাবুর আলমের বিরুদ্ধে আগের থেকে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। তিনি পূর্বেও এরকম ছাত্রীদের সাথে খারাপ আচরণসহ নানান কিছুর প্রলোভন দেখিয়ে তাদেরকে কুপ্রস্তাব দিতেন। তার জন্য ক্যাম্পাস ছেড়ে চলে গেছে এমন শিক্ষার্থীও রয়েছে। সম্প্রতি ঘটনার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করছি তদন্ত কমিটি সুষ্ঠ তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দিবে এবং এই শিক্ষকের উপযুক্ত বিচার হবে। যদি এরকম কিছু না হয় তাহলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে নামবে বলেও জানান।
এদিকে সোমবার ভিকটিম ছাত্রীকে তদন্ত কমিটি ডেকে প্রমাণাদি জমা দিতে বলেন বলে জানান তদন্ত কমিটির আহ্বায়ক ওমর ফারুক। তিনি জানান, ৩১ আগস্ট তদন্ত কমিটি গঠন করা হয় আমাদেরকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আমরা উভয় পক্ষ থেকে যাই পাবো তাই রিপোর্টে তুলে ধরবো।
