নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম কেন্দ্রীয় যুবদলের উপজাতীয় বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রাঙামাটিতে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল। গত বুধবার কাঁঠালতলীর দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরনবী’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, সদর থানা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন ও সদস্য সচিব রহিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা ও সদস্য সচিব কামাল উদ্দিন।
এসময় বক্তারা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমকে কেন্দ্রীয় যুবদলের উপজাতীয় বিষয়ক সম্পাদক মনোনীত করায় কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় বক্তারা সরকার পতনের আন্দোলনে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে আবু সাদাৎ মো. সায়েমকে জেলা যুবদলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
