কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া ৩৫ টি নতুন ঘর পাচ্ছেন কাপ্তাইয়ের ভূমিহীন এবং অসহায় পরিবার। রবিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগী, জনপ্রতিনিধি এবং নানা শ্রেণী মানুষের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন প্রান্ত হতে যুক্ত হয়ে উপকারভোগীদের হাতে ঘরগুলো হস্তান্তর করবেন। শনিবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে সংবাদ সম্মেলনে ইউএনও মুনতাসির জাহান এই তথ্য দেন।
সংবাদ সম্মেলনে ইউএনও মুনতাসির জাহান আরোও জানান, কাপ্তাই উপজেলায় ইতিমধ্যে ৩৫টি ঘর ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত ৩০টি ঘরের জন্য ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা এবং ৫ টি ঘরের নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১ লাখ ৯০ হাজার।
সংবাদ সম্মেলনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, ৩৫ টি ঘরের মধ্যে রাইখালী ইউপিতে ১১টি, চিৎমরম ইউপিতে ১৩ টি, কাপ্তাই ইউপিতে ১ টি এবং ওয়াগ্গা ইউপিতে ১০ টি ঘর পাবেন ভূমিহীন ও গৃহহীন পরিবার।
এইসময় কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
