কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলায় কোনো ভাবেই থামছেই না করোনা শনাক্তের হার। দিন যতই যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। মঙ্গলবার কাপ্তাইয়ে আরও ১৪ জনেরর রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন টেস্টে ১১ জন পজিটিভ এবং বাকী ৩ জনের রাঙামাটি জেনারেল হাসপাতালের পিসিআরল্যাব থেকে আসা করোনা পরীক্ষার ফলাফলে পজিটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত হওয়া ১৪ জনের মধ্যে কাপ্তাইয়ের ওয়াগ্গা, চিৎমরমের উজানছড়ি, কেপিএম আবাসিক এলাকা, নতুন বাজার ও বড়ইছড়ি এলাকার বাসিন্দা রয়েছে। এছাড়া কাপ্তাই থানার ১ জন পুলিশ সদস্য রয়েছে বলে জানা গেছে।
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার ১৪ জন বাসিন্দার করোনার ফলাফল পজিটিভ এসেছে। এনিয়ে কাপ্তাইয়ে মোট করোনা শনাক্ত হলো ২৮৭ জন এবং চিকিৎসাধীন রয়েছে ৮১ জন ও মৃত্যু হয়েছে ২ জনের। তিনি এলাকাবাসীকে করোনা সংক্রমন রোধে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
