আরমান খান, লংগদু
রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বিলে একটি স্পিডবোট ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বোটচালক ছাড়াও আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটা থেকে পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ দুজন হলেন এলোমিনা চাকমা (২০) ও রিটন চাকমা (২০)। তারা দুজনই বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধীনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানিয়েছেন, শুক্রবার দুপুরে দুরছড়ি বাজার থেকে আটজন যাত্রী নিয়ে রাঙামাটিগামী একটি স্পিডবোট লংগদু উপজেলার কাট্টলী বিলে কাট্টলী ওয়াচ টাওয়ারের আগে বালুবাহী একটি বোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় স্পিডবোটের দুইজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
আহত ছয় যাত্রীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বোটচালকও আহত হয়েছেন। নিখোঁজ দুইজনকে উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছেন ওসি আরিফুল আমিন।
ঘটনাস্থলে পুলিশের সাথে আছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনি রায়। ইউএনও জানান, স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ দুইজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে। পাশাপাশি স্থানীয় ডুবুরীদের দিয়ে নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
