শুভ্র মিশু
আগামী ৬ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু উপলক্ষে বৃহস্পতিবার থেকে রাঙামাটি জেলার সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলার সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করে এক গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসক।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৬.১১.২০২২ তারিখ হতে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ০৩.১১.২০২২ তারিখ হতে ১৪.১২.২০২২ তারিখ পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলায় সব ধরণের কোচিং সেন্টার বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাঙামাটি জেলা প্রশাসনের তথ্যমতে, এবার রাঙামাটি জেলায় বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগে ৫,৮৪৮জন পরীক্ষার্থী অংশ নেবে। সদরসহ দশ উপজেলায় ২২টি কলেজের মধ্যে দুটি মাদ্রাসাসহ ১৪টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও আসন্ন এইচএসসি পরীক্ষায় সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
