নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই
কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। চলতি সপ্তাহে কাপ্তাই ও রাঙামাটি জেলায় বৃষ্টিপাত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের জানান।
তিনি জানান, রুলকার্ভ অনুযায়ী শনিবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির পরিমান থাকার কথা ৮৭.৪৮ এমএসএল। সেখানে পানি আছে ৮৪.১৭ এমএসএল (মীন সী লেভেল)। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। অবশিষ্ট ৪ টি ইউনিট সচল আছে। এর মধ্যে ১নং ইউনিটে ৩০ মেগাওয়াট, ৩নং ইউনিটে ৩৫ মেগাওয়াট, ৪নং ইউনিটে ৩০ মেগাওয়াট এবং নং ইউনিটে ৩০ মেগাওয়াটসহ সর্বমোট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে ।
কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত সপ্তাহে যেখানে গড়ে প্রতিদিন ১শ’ মেগাওয়াটের নীচে বিদ্যুৎ উৎপাদন হয়েছে। সেখানে বর্তমানে কাপ্তাই হ্রদে পানির পরিমান বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বৃষ্টিপাত বাড়লে উৎপাদন আরও বাড়বে।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফিট এমএসএল এবং ৫ টি ইউনিটে উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
