কাপ্তাই প্রতিনিধি
লকডাউনে মানবেতর জীবন পার করছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী নদীর মাঝিরা। মানুষের যাতায়াত কমে যাওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে।
দীর্ঘ ৪০ বছর ধরে ফেরি ঘাটে খেয়া পার করেন মো: ওসমান(৫৫)। তিনি বলেন, লকডাউনের আগে দৈনিক আয় ছিল ৩০০-৩৫০ টাকা। এখন তা কমে দৈনিক আয় হয় ৮০-১০০ টাকা। এ টাকা নিয়ে কোন রকম সংসার চালাচ্ছি। রাইখালী বাজার থানা ঘাট সাম্পান মাঝি মো: গিয়াস উদ্দিন, দোলন দে, মো: শফি, মিলন দের মুখেও হতাশার সুর। তারা সকলে জানান, এই অবস্থায় চরম আর্থিক অনটনে দিন কাটছে তাদের। মানুষের পারাপার কমে যাওয়ায় এই খেয়া ঘাটে সর্বমোট ৫৬ মাঝির আয় কমেছে। সরকারি কোন সহায়তাও মিলছে না। একই চিত্র মিশন ঘাট, চিৎমরম বাজার ঘাট, চিৎমরম খিয়াং ঘাটের। কাপ্তাইয়ের কর্নফুলি নদীতে ২ শতাধিক মাঝি খেয়া পার করে সংসার চালান। তারা সকলেই সরকারি সহায়তার দাবি জানান।
এই বিষয়ে ২ নং রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান সায়ামং মারমা জানান, তার ইউনিয়নের আওতাধীন মাঝিদের সরকারি সহায়তা আসলে প্রণোদনা দেওয়া হবে। তাদের তালিকা তৈরি করা হচ্ছে। শিগগির তারা সরকারি সহায়তা পাবে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অতি দরিদ্রদের মাঝে সরকারি সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যে সরকারি বরাদ্দ এসেছে। তালিকা করতে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে। তারা কাজ করছেন। দরিদ্র জনগোষ্ঠীর কেউ সরকারি সহায়তা হতে বঞ্চিত হবেন না।
