কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী শরৎ তঞ্চঙ্গ্যাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাপ্তাই থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মনিরুল ইসলাম ও সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি শরৎ তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করা হয়।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ(ওসি) শরৎ তঞ্চঙ্গ্যাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের দুর্গম মাইন পাড়া এলাকার এক স্কুল ছাত্রী প্রাইভেট পড়ে আসার সময় ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা শরৎ তঞ্চঙ্গ্যা। পরে মেয়েটির চিৎকারে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্ত শরৎ তঞ্চঙ্গ্যা পালিয়ে যায়। এরপর গত ১৩ এপ্রিল মেয়েটির বাবা বাদী হয়ে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করেন।
