খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় জলবসন্তের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মানুষজন ভাইরাসজনিত এই রোগ আক্রান্ত হচ্ছে। ১নং লোগাং ইউনিয়নের রামতনু পাড়া, খেদারাছড়া ও ৫নং উল্টাছড়ি ইউনিয়নের রহিন্দ্র পাড়া, মরাটিলা, ৪নং লতিবান ইউনিয়নের গঙ্গারাম পাড়া মিলিয়ে সাতজন জলবসন্তে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের সবাই শিশু বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়। জলবসন্ত-কে স্থানীয় অনেকে চিকেন পক্স-ও বলে থাকে। করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও খাদ্যপণ্য সহায়তা দিতে গিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবকগণ জলবসন্ত আক্রান্তদের দেখা পান। এর আগে গতরাতে পানছড়িতে হাম রোগ দেখা দিয়েছে বলে শোনা গিয়েছিলো।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা বলেন, আবহাওয়া পরিবর্তনগত কারণে বিশেষত গরমের সময় এই রোগ বেশি দেখা যায়। এটি ছোঁয়াচে রোগ। তবে জটিল কোনো রোগ নয়। এর উপযুক্ত চিকিৎসা রয়েছে। করোনা ভাইরাস, হাম রুবেলা, বসন্ত রোগ ইত্যাদি বিষয়ে নিয়মিত জনসচেতনতা সৃষ্টি ও উপযুক্ত চিকিৎসা সেবাদানে আমরা কাজ করে যাচ্ছি।
