পাহাড়ের বিভিন্ন ভাষার সংস্কৃতি চর্চা ও নারীদের অধিকার নিয়ে গানে গানে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে ২০১৬ সালের ২৮ অক্টোবর যাত্রা শুরু করে কলেজ পড়ুয়া মেয়েদের নিয়ে ব্যান্ড ‘এফ মাইনর’। যাদু রিছিল ও অন্তর স্কু’র সহযোগিতায় প্রথমে নাদিয়া রিছিল, পিংকি চিরান ও ঐশ্বর্য চাকমাকে নিয়ে এই ব্যান্ডের যাত্রা শুরু হলেও বর্তমানে ৫ জন ব্যান্ড সদস্য বিভিন্ন স্টেজ শো পরিবেশন করা ছাড়াও ইউটিউবে তাদের কম্পোজ করা কিছু গান প্রকাশ করে ইতিমধ্যে শ্রোতামহলে প্রশংসা অর্জন করেছেন। ময়মনসিংহ ও নেত্রকোনা অঞ্চলের ৪ জন গারো মেয়ে এবং রাঙামাটির রাজস্থলী উপজেলার একজন মারমা মেয়েকে নিয়ে বর্তমানে তারা বিভিন্ন স্টেজ শো করে যাচ্ছে। এফ মাইনর ব্যান্ডের সদস্যরা হলেন, পিংকি চিরান(লিড ভোকাল), নাদিয়া রিছিল ( গিটারিস্ট ও সাইড ভোকাল), গ্লোরিয়া মান্দা(লিড গীটার), একিউ মারমা(কিবোর্ড) এবং দিবা চিছাম( কাহন)
গত ১৯ ডিসেম্বর কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল দিবস ২০২০ উপলক্ষে হাসপাতাল অডিটোরিয়ামে এফ মাইনর ব্যান্ডের মনোরম পরিবেশনা মুগ্ধ করে আগত দর্শক-শ্রোতাদের।
তাদের প্রথম পরিবেশনা ছিলো ময়মনসিংহ গীতিকা থেকে একটি গান-‘নয়া বাড়ী লইয়ারে বাইদ্দা’, প্রথম গানে তাদের নান্দনিক পরিবেশনা দর্শক শ্রোতা উপভোগ করে তুমুল করতালিতে। এরপর তাদের দ্বিতীয় পরিবেশনা ছিলো ত্রিপুরা ভাষার গান ‘আনি কক’ এরপর জংলাফুল, রঙিলা রঙিলা রে মন হারিয়ে যাবো, নারীদের অধিকার নিয়ে গান ‘সমস্ত দিন আগলে রাখি আকাশ, গারো ভাষার গান, তঞ্চঙ্গ্যা ভাষার সহ বেশ কিছু পরিবেশনা দর্শকদের অনাবিল আনন্দ দেন। সবশেষে তাদের পরিবেশনা ছিলো ‘লাল পাহাড়ের দেশে’। একটি ভালো লাগার তৃপ্তি নিয়ে সেইদিন দর্শক শ্রোতা বাড়ি ফিরে।
এর আগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হাসপাতাল দিবস এর উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী। হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, হাসপাতালের কনসালটেন্ট ডাঃ বিলিয়ম এ সাংমা।
