অদিতি আফ্রোদিতি
রাঙামাটি পৌরবাসি তাকে আবারো নির্বাচিত করে রাঙামাটি পৌর এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার সুযোগ দিবেন বলে আশাবাদ ব্যক্ত করে নৌকার মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী বলেছেন-‘আপনারা আমাকে আরেকবার সুযোগ দিন,আমি আপনাদের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের রাঙামাটি শহর উপহার দিব।’
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করার আহ্বান জানিয়ে পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে আকবর বলেছেন, ‘ আমি বিগত পাঁচ বছর দায়িত্ব পালনকালে কাউকে দলীয় কর্মী কিংবা আমার দল করে কি করে না,এসব দিয়ে মূল্যায়ন করিনি। আমার কাছে পৌরবাসি সবার অবস্থান ছিলো এক এবং অভিন্ন। আমি চেষ্টা করেছি রাঙামাটিকে সম্প্রীতির শহরে পরিণত করতে,অনেকটা সফলও হয়েছি। আশা করছি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে সেই স্বপ্ন পূর্ণতা পাবে।’
আকবর বলেন, আমার বিগত পাঁচ বছরের মেয়াদেকালে পাহাড়ধস এবং করোনাকার কারণে প্রায় দুইটি বছর নষ্ট হয়েছে,যখন আমি ঠিকঠাক কাজও করতে পারিনি। তারপরও বাকি তিনবছর ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছি এবং আরো অনেকগুলো কাজ চলমান আছে,এর চেয়ে বেশিও প্রক্রিয়াধীন আছে। পুনরায় নির্বাচিত হলে আমি সেইসব কাজ সুন্দরভাবে শেষ করতে পারব।’
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মেয়র হওয়ার আশাবাদের কথা জানিয়ে আকবর বলেন, ‘আমি রাঙামাটি শহরকে আধুনিক ও নান্দনিক শহর হিসেবে গড়তে সকলের সহযোগিতা চাই,আমার বিশ্বাস জনগণও আমাকে এবং আমার কাজকে মূল্যায়ন করে আমাকে পুনর্নির্বাচিত করবে।’
