সুহৃদ সুপান্থ
‘ভয়কে জয় করে’ ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দুর্নীতি দু:শাসনের বিরুদ্ধে জবাব দেয়ার জন্য রাঙামাটি পৌরবাসির প্রতি আহ্বান জানিয়েছেন রাঙামাটি পৌর নির্বাচনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
ভোটের একদিন আগে পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে দেয়া এক প্রতিক্রিয়ায় মামুন বলেছেন, আমি বিশ্বাস করি,রাঙামাটিবাসি যদি ভোটকেন্দ্রে আসতে পারে এবং নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে,তবে তারা ধানের শীষেই গণরায় দিয়ে আমাকে বিজয়ী করবেন।’
মামুন স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলাবাহিনীর প্রতি নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন,ভোট পবিত্র আমানত,জনগণের এই অধিকার প্রয়োগে প্রশাসন সর্বোচ্চ সতর্ক ও নিরপেক্ষ থাকবে বলে আমি আশা করি।’
মামুন,রাঙামাটি শহরে ব্যাপক বহিরাগতের আগমন ও অবস্থান সম্পর্কে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে প্রশাসনের প্রতি,শহরের বিভিন্ন হোটেলে,রেস্ট হাউজে ও বাসাবাড়িতে অবস্থান নেয়া বহিরাগতদের ভোটের আগেই শহর থেকে বের করে দেয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন- ‘উদ্দেশ্যমূলকভাবে ভোটের পরিবেশ নষ্ট করা এবং সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে এইসব বহিরাগতদের জমায়েত করা হয়েছে।’ তিনি বহিরাগতদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।
মামুন অভিযোগ করেছেন, আমরা জানতে পেরেছি রাঙামাটির বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রামের রাউজান,রাঙ্গুনিয়া,হাটহাজারি থেকে বিপুল সংখ্যক বহিরাগতদের রাঙামাটিতে আনা হয়েছে ভোটের পরিবেশ নষ্ট করার জন্য। তারা শহরের বিভিন্ন হোটেল,রেস্টহাউজ এবং বাসাবাড়িতে অবস্থান করছে।’ এদের শহর থেকে বের করে দেয়া না হলে ‘যে কোন অপ্রীতিকর পরিস্থিতির দায়’ প্রশাসনকে নিতে হবে বলেও সতর্ক করে দিয়েছেন ধানের শীষের এই প্রার্থী।
রাঙামাটিবাসির প্রতি ‘কোন হুমকী,ভয়ভীতি প্রদর্শন কিংবা চাপের কাছে নতি স্বীকার না করার’ অনুরোধ জানিয়ে,মামুন সবাইকে ভোটকেন্দ্রে এসে ‘ব্যালটের মাধ্যমে জবাব’ দেয়ার অনুরোধ জানিয়েছেন।
জয়ের ব্যাপারে আশাবাদের কথা জানিয়ে মামুন বলেছেন, যদি জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে,তবে জয়ের হাসি আমিই হাসব।’
