নিজস্ব প্রতিবেদক ॥
তবলছড়ি সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এডিসি হিল সবুজ সংঘ মাঠে রবিবার বসন্তকালীন টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মো. মুছা মাতব্বর।
মোট ১৬ টি দলের এই টুর্নামেন্টে চারটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো প্রথমে লীগ খেলবে। তারপর ৮টি দল নিয়ে নকআউট পর্ব শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী মোঃ মুছা মাতব্বর সবাইকে খেলাধুলার মাধ্যমে সুস্থ সবল আগামী প্রজন্মকে উৎসাহিত করতে অনুরোধ জানান। তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে সবুজ সংঘ মাঠ সংস্কার করা হয় বলে জানান। পরবর্তীতে কংক্রিটের পিচ ও দুটি গোলবার স্থাপন করা হবে বলে প্রতিশ্রুতি দেন। রাঙামাটি মারী স্টেডিয়ামে টার্ফ উইকেট ও প্র্যাকটিস উইকেট স্থাপন করা হয়েছে শুধুমাত্র রাঙামাটি ক্রিকেটারদের দীর্ঘদিনের কষ্টের কথা চিন্তা করে। আগামীতে রাঙামাটি জেলা পরিষদ ও অন্যান্য সরকারী সংস্থার মাধ্যমে আরো খেলাধূলার জন্য উন্নয়নমূলক কাজ করা হবে বলে খেলোয়াড় ও সংগঠকদের জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ওয়াশিংটন চাকমা, আব্দুস সবুর, সদানন্দ চাকমা, সাইফুল আলম রাশেদসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া সংগঠক মো. নাছির উদ্দিন সোহেল। উদ্বোধনী খেলায় শেখ কামাল স্পোর্টিং ক্লাব ও পাওয়ার হিটার্স মুখোমুখি হয়।
