খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি ও সার্ভেয়ার মিলে রেকর্ডীয় ভূমির মালিকের বিরুদ্ধে আদালতে মনগড়া ও অসত্য প্রতিবেদন জমা দিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভূমির মালিকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নুরুল আলমের ছেলে শাহ আলম।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দীর্ঘ বছর ধরে মানিকছড়ির তিনটহরীতে বসবাস করে আসছিলেন তারা। ১৯৮৬ সালের জরিপ মূলে তাদের নামে ভূমির রেকর্ড থাকলেও ২০১০ সাল থেকে স্থানীয় ওহাব আলী ও আব্দুল মান্নানসহ একটি সিন্ডিকেট কাগজ মূলে ভুক্তভোগীদের দখলে থাকা ভূমি আত্মসাতের চেষ্টা করছে। প্রতিকার পেতে আইনের আশ্রয় চাইলে আদালত ইউএনও ও এসি ল্যান্ডের প্রতিবেদন চান।
‘সিন্ডিকেটের যোগসাজশে ইউএনও রক্তিম চৌধুরী ও এসি ল্যান্ড রুম্পা ঘোষ অসত্য ও মনগড়া প্রতিবেদন দিয়েছেন’ এমন অভিযোগ করে ন্যায় বিচার পেতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
