কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট এলাকায় সিএনজির ইঞ্জিনের ভেতরে চোলাই মদ পাচারকালে চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযানে মো. শাহাদাত হোসেন (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। সেই সাথে মাদক পাচারে ব্যবহ্রত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আটক শাহাদাত হোসেন রাউজান উপজেলার নোয়াপাড়া পথের হাট এলাকার বাসিন্দা।
চন্দ্রঘোনা থানার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়িতে তল্লাশি চালিয়ে ফেরীঘাট এলাকা থেকে চোলাই মদ উদ্ধার করা হয়। গাড়ি তল্লাশির সময় সিএনজির পিছনের ইঞ্জিনের পাশের ফাঁকা জায়গায় রাখা দুই বস্তা ভর্তি ছোট পলিথিনের পোটলায় ৮০ লিটার চোলাই মদ পাওয়া যায়। আটকের বিরূদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার তাঁকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।
