রাজস্থলী প্রতিনিধি ॥
কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার জাহিদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নসহ অসহায় মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারীরা কারো বন্ধু হতে পারে না। তাই তাদেরকে প্রতিহত করতে এলাকার সকলকে একযোগে কাজ করতে হবে। বৃহস্পতিবার সকালে রাজস্থলী গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের সামনে কাপ্তাই জোনের অটল ছাপ্পান্নের উদ্যোগে এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় গাইন্দ্যা পাড়ার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবিদ, রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার লে. সায়েম, লে. জাহাঙ্গীর, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাসুদ, গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হেডম্যান মংবাথোয়াই মারমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বেল্লালসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কারবারিগণ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে গাইন্দ্যা পাড়ায় অসহায় ৬০টি পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, ময়দা, টি-শার্ট বিতরণ করা হয়েছে। জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ার জাহিদ পিএসসি ফেরার পথে বাঙ্গালহালিয়ার শফিপুর পোড়াভিটা এলাকায় একটি পাঞ্জাখানায় ৩টি সিলিং ফ্যান প্রদান করেন।
