নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির অভিষেক, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব এর সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া এবং প্রধান আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব ও বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র আলমগীর কবির।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্যঞ্চলে সবসময় বিশেষ জাতিগোষ্ঠীকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্র যেহেতু সবার সেহেতু সবাইকে সমঅধিকার প্রদান করতে হবে। তারা উপজাতি কোটার জোর বিরোধিতা করেন।
তারা আরো বলেন, পার্বত্যঞ্চলে যেসকল জাতিগোষ্ঠী বসবাস করছে তাদের প্রত্যেককে শিক্ষা, চাকুরিসহ সকল ক্ষেত্রে সমান সুযোগ প্রদান করতে হবে। পাশাপাশি পার্বত্যঞ্চলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সাধারণ জনগণের জীবনমান স্বাভাবিক করার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজি বন্ধে সরকারের হস্তক্ষেপের জোর দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে মূলপর্বের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠনে সঙ্গীত পরিবেশন করেন রাঙামাটির স্থানীয় শিল্পীরা।
