রাঙামাটি আল আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ ও দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল বুধবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি অ্যাডভোকেট মোখতার আহম্মদ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র জামাল উদ্দিন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমাদের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসীদের কোনও জাত ধর্ম নেই, সন্ত্রাসী যেই হোক তাদের রুখে দাঁড়াতে হবে। জঙ্গিরা ইসলামের পক্ষে নয় এরা ধর্মের বিপক্ষের শক্তি। কারণ ইসলাম শান্তির ধর্ম এখানে জঙ্গিবাদের কোনও স্থান নেই।’
বক্তারা আরও বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি যুব সমাজকে রক্ষায় খেলাধুলার কোনও বিকল্প নেই। খেলাধুলা মনন-মানসিকতার বিকাশ ঘটায়। মাদকদ্রব্য সেবন থেকে দূরে রাখে। ছাত্র ও যুবকদের যত বেশি খেলাধুলায় মনোযোগি করা যাবে, তত বেশি সত্য ও ভালোর পথে তাদের নিয়ে আসা যাবে।’
এ সময় বক্তারা সন্তানদের বাল্য বিবাহ না দিতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে ক্রেস্ট ও প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
