আইন শৃংখলাবাহিনীর হাতে ফের আটক হয়েছেন জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাকে শিলাছড়ি নামক এলাকা থেকে আটক করা হয়। অস্ত্র ও গুলি রাখাসহ কয়েকটি হত্যা মামলার পলাতক আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহেনুর রহমান।
পুলিশ জানিয়েছে, যৌথবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে মঙ্গলবার রাতে শিলাছড়ি ক্যাম্প এলাকা থেকে আটক করে। তিনি তখন মোটর সাইকেলযোগে শিলাছড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। বুধবার বিকালে আদালতে তোলার পর কারাগারে পাঠানো হয়।
২০১৭ সালে নিজ বাস ভবন থেকে অস্ত্র ও গুলি উদ্বারের ঘটনায় চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার বিরুদ্ধে মামলা রয়েছে। গত বছরের ৪ মে নানিয়ারচর উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর শীর্ষনেতা তপন জ্যোতি চাকমা বর্মা ও জনসংহতি সমিতির (এমএন লারমা) নেতাসহ ৫ জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়াও তার নামে লংগদুতে জনসংহতি সমিতির সদস্যকে খুনসহ খাগড়াছড়ির বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে পলাতন ছিলেন সুপার জ্যোতি চাকমা।
উল্লেখ্য যে এরআগে ২০১৭ সালের ১ জানুয়ারি রাতে নিজ বাসা হতে অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর অভিযানে আটক হন উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। গ্রেফতারের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে। জামিন নিয়ে চেয়ারম্যান হিসেবে পূনর্বহাল হলেও হত্যাসহ বিভিন্ন মামলার ঘটনায় আত্মগোপনে ছিলেন তিনি। সুপার জ্যোতি চাকমার অনুপস্থিতিতে উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুপার জ্যোতি চাকমা ছাত্র জীবনে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্ত্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। পাহাড়ি গণপরিষদের সাথেও যুক্ত ছিলেন। চেয়ারম্যান হওয়ার আগে এনজিও কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ইউপিডিএফ এর সমর্থন নিয়ে লক্ষীছড়িতে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
এ ব্যাপারে ইউপিডিএফ এর জেলা সংগঠক মাইকেল চাকমা আটকের ঘটনার নিন্দা ও অবিলম্বে তার মুক্তির দাবী জানিয়েছেন। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, সুপার জ্যোতি চাকমা দুল্লাতলী ইউনিয়নে একটি সভা শেষে রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।
এদিকে ইউপিডিএফ এর লক্ষ্মীছড়ি-মানিকছড়ি-মাটিরাঙ্গা-গুইমারা এলাকার প্রধান সংগঠক সচিব চাকমা এক বিবৃতিতে লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করেছেন। তাকে আটকের শারীরিকভাবে নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।