‘আপনাদেরকে ভালোবেসে জনগণের পাশের থাকার জন্য ৪৯ বছর ধরে রাজনীতির মাঠে পড়ে আছি। ৬ বার জাতীয় সংসদ নির্বাচন করেছি। সাংসদ হয়েছি মন্ত্রী হয়েছি আপনাদের সকলের ভালোবাসা পেয়েছি। এবারই আমার শেষ নির্বাচন। বিদায় বেলায় শেষ বারের মতো আমাকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন।’ একাদশ সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী দীপংকর তালুকদার লংগদুতে জনসভায় একথা বলেন।
সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আরও বলেন, ‘নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে নৌকার জোয়ার ততই বেড়ে চলেছে। নৌকার গণজোয়ারে ধানের শীষ ভেসে যাচ্ছে। এ জোয়ার কেউ ঠেকাতে পারবে না।’
বুধবার বিকেলে নৌকা মার্কার সমর্থনে বিশাল মিছিল শেষে লংগদু উপজেলা পরিষদ মাঠে জনসভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, সদস্য সাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার, সাধারণ সম্পাদক জানে আলম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজ আহাম্মেদ, জেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক সুনীল সেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রাজেশ চক্রবর্তী প্রমূখ।
