রাঙামাটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন ১২ প্রার্থী। মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত ‘স্বতন্ত্র’ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ঊষাতন তালুকদার ও জনসংহতি সমিতির নেতা শরৎজ্যোতি চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা এবং ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের জসীমউদ্দিন, বুধবার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের একমাত্র প্রার্থী নৌকা প্রতীকের দীপংকর তালুকদার,বিএনপির দুই প্রার্থী মনিস্বপন দেওয়ান ও দীপেন দেওয়ান,জাতীয় পার্টির অ্যাডভোকেট পারভেজ তালুকদার,স্বতন্ত্র প্রার্থী আশীষ দাশ গুপ্ত,অমর কুমার দে, ইউপিডিএফ এর শান্তি দেব চাকমা ও সচিব চাকমা।
শেষ মুহুর্তে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির লে.কর্ণেল (অব.) মনীষ দেওয়ান মনোনয়নপত্র জমা দেননি।
মনোনয়ন জমা দেয়াদের মধ্যে ঊষাতন তালুকদার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি,শরৎজ্যোতি চাকমা একই সংগঠনের কেন্দ্রীয় নেতা, মনিস্বপন দেওয়ান সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী,দীপেন দেওয়ান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক,অ্যাডভোকেট পারভেজ তালুকদার বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য গণ পরিষদ এর চেয়ারম্যান,অমর কুমার দে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর রাঙামাটি জেলা সভাপতি, আশীষ দাশ গুপ্ত শহরের গীতাশ্রম মন্দিরের সভাপতি ও জেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত,শান্তি দেব চাকমা ও সচিব চাকমা ইউডিএফ এর কেন্দ্রীয় নেতা ও সংগঠক,জসীমউদ্দীন ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের রাজনীতির সাথে জড়িত। আর দীপংকর তালুকদার জেলা আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।
