‘ক্ষমতার দম্ভ ভালো না, এটা জনগন মেনে নেয় না, দীর্ঘদিন ক্ষমতায় থেকে আওয়ামীলীগ এই দম্ভে ভুগছে। রাঙামাটিতে না হলেও সারাদেশে ক্ষমতার হালুয়া রুটির ভাগাভাগি নিয়ে বিপাকে পড়েছে আওয়ামীলীগ, জনগণের ওপর তাদের বিশ্বাস নেই, তাই কেন্দ্র দখল করার পাঁয়তারা করছে। আপনাদের মাঠে থাকতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে আর জনগনকে ভোট কেন্দ্রে আনতে হবে, এটা আমাদের বাঁচা মরার লড়াই।’
বুধবার সন্ধ্যায় রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে এক কর্মী সমাবেশে এসব কথা বলেছেন সাবেক পার্বত্য উপমন্ত্রী ও এবার দলীয় মনোনয়ন জমা দেয়া ধানের শীষের প্রার্থী মনিস্বপন দেওয়ান। দীর্ঘ এক যুগের নীরবতা ভেঙ্গে সম্প্রতি বিএনপিতে ফিরে আবারো আলোচনার জন্ম দেয়া এই নেতা রাঙামাটি সদর উপজেলা ও রাঙামাটি পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং ২০০১ সালে নির্বাচনের কয়েকদিন আগে বিএনপিতে যোগদান করেই সেই সময়কার আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী দীপংকরকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি পার্বত্য উপমন্ত্রীর দায়িত্বও পালন করেন। কিন্তু দলের ক্ষমতার শেষ পর্যায়ে এসে কিছু অভিমানের কারণে বিএনপি ছাড়েন এবং এলডিপিতে যোগদান করেন। পরে অবশ্য সেখানেও ছিলেন না তিনি। দীর্ঘ ১২ বছর রাজনীতি থেকে দূরে থাকার পর সম্প্রতি কেন্দ্রীয় বিএনপির তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন এবং রাঙামাটি আসনে দলীয় প্রার্থী হিসেবে যে তিনজনকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে তাতে তার নামও রয়েছে। রাঙামাটি জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তার পক্ষেই রয়েছেন। এসব নেতাকর্মীদের সাথে বুধবার সন্ধ্যায় এই মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পার্বত্য উপমন্ত্রী থাকাকালে মূলত: তার উদ্যোগেই নির্মিত রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়েই তিনি এলেন এদিন প্রায় বারো বছর পর।
সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলা বিএনপি সভাপতি শাহ্ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতিয়তাবাদী যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপি সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু সহ ছাত্রদল ও বিভিন্ন আংগ সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে মনিস্বপন দেওয়ান আরো বলেন, আমি মন্ত্রী থাকাকালিন সময়ে হয়তো কারো কারো সাথে খারাপ ব্যবহার করেছি, তবে সেটা আমার জন্য নয়, দলের জন্য, আর সে কারণেই তখন বিএনপি সাধারণ মানুষের কাছে প্রিয় ছিল। গত দশ বছর ধরে রাঙামাটির মানুষ ভাল নেই। হয়তো অভিমানে আমি দল থেকে চলে গিয়েছিলাম, তবে সেটা জেলা নেতৃবৃন্দের সাথে নয়, কেন্দ্রীয় নেতাদের সাথে। আজ আর তারা নেই, তাই আবার এসেছি, এবার আর যাচ্ছি না, আছি এবং থাকবো।
তিনি আরো বলেন, আমাদের দলের মাঝে কোন্দল আছে, দলের এখন খুব করুন অবস্থা, আমি যদি সুসময়ের পাখি হতাম তবে এমন দুরাবস্থায় দলে আসতাম না। তবে আপনারা সজাগ থাকবেন। আমার কাছে তথ্য আছে, আমাদের দলের কেউ কেউ আমাদের কর্মীদের ১০/ ২০ হাজার টাকা দিয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর জন্য কাজ করছে, তার কিছু নমুনা ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোতে বিভ্রান্ত হবেনা। এরা দলকে ভালবাসেনা, ক্ষমতাকে ভালবাসে। আমি কথা দিচ্ছি, যেই দলীয় মনোনয়ন পাবে, আমি তার পক্ষে বিএনপিকে জেতানোর জন্য কাজ করবো।
মনিস্বপন দেওয়ান আরো বলেন, ‘কূটকৌশলকে সুকৌশলে মোকাবেলা করতে হবে। আমি আপনাদের সব কথা হয়তো বলতে পারব না, আমি আমার কৌশলে অনেক জায়গায় যাব, অনেকের সাথেই বসব, এগুলো সবই বিএনপির জয়ের জন্য, এগুলোই আমার কারিশমা। আপনারা মাঠে থাকবেন, জয় আমাদেরই হবে।’
মনিস্বপনের বুদ্বিদীপ্ত আবেগি বক্তব্যে এসময় উপস্থিত নেতাকর্মীরা উচ্ছাস প্রকাশ করেন এবং তার সমর্থনে মুহুর্মুহ শ্লোগান দিতে থাকেন। সভাশেষে অনেক নেতাকর্মীকেই বলতে শোনা যায়, অনেকদিন পর মনে হচ্ছে আমরা আমাদের প্রত্যাশার বিজয় দেখতে যাচ্ছি।
