২৯৯ নং পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন দুজন। এরা হলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান এবং সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান।
সোমবার বিকালে গুলশান কার্যালয়ে মনোনয়নের চিঠি বিতরণের এ কার্যক্রম শুরু হয়। কেন্দ্র ঘোষিত তালিকায় পার্বত্য রাঙামাটি আসনে এই দুই নেতার নামেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন- কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অবঃ) মনীষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, বাঘাইছড়ি পৌর সভার সাবেক মেয়র আলমগীর।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ২৪৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৮৫৩ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৩৯৫ জন। এ বারের সংসদ নির্বাচনে ২০৩ জন প্রিজাইডিং আফিসার, ৮৯৩ জন সহকারী প্রিজাইডিং আফিসার এবং ১৭৮৬ জন পোলিং আফিসার কাজ করবেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২০ বা ২১ ডিসেম্বর এদের প্রশিক্ষণ প্রদান করা হবে। রাঙামাটি আসনে দশ উপজেলায় স্থায়ী-অস্থায়ী মিলে ২০৩টি ভোট কেন্ত্রের মধ্যে ২১টি ‘হেলি সটিং’ কেন্দ্র রয়েছে।
