শিক্ষক সংকটে রয়েছে পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলো। এর মধ্যে জেলার বিলাইছড়ি উপজেলায় প্রাক-প্রাথমিক হতে ৫ম শ্রেণি পর্যন্ত মাত্র একজন প্রধান শিক্ষক দিয়েই চলছে তক্তানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়! বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা শতাধিক। এ অবস্থায় এই স্কুল হতে এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
বিদ্যালয়ে মোট ছয়টি শিক্ষকের পদ থাকলেও শিক্ষক ছিলেন ৪জন। তন্মধ্যে একজন প্রেষণে অন্য স্কুলে কর্মরত আছেন আর একজন মাতৃত্বকালীণ ছুটিতে রয়েছেন। অন্য দুইজন শিক্ষক চলতি বছর অক্টোবর মাসে একসাথে প্রধান শিক্ষকের প্রমোশনে অন্য স্কুলে যোগদান করলে হিসাবে বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা হয় শূন্য। কিন্তু একই সময়ে আরেকজন প্রমোশনে প্রধান শিক্ষক চলতি দায়িত্বে যোগদান করলে বিদ্যালয়টির একমাত্র ভরসা হন তিনিই। এখন মাত্র একজন শিক্ষক দিয়েই দুর্গম এলাকার এই বিদ্যালয়টি।
সম্প্রতি চলতি দায়িতে যোগদান করা প্রধান শিক্ষক সুকুমার তঞ্চঙ্গ্যা জানান, ‘স্কুলটিতে মোট ছয়টি পোস্ট রয়েছে এতে চারজন শিক্ষকের পদ হালনাগাদ ছিল। কিন্তু ওই চারজন শিক্ষক হতে রুম্পা তঞ্চঙ্গ্যা নামের একজন মাতৃত্বকালীণ ছুটিতে রয়েছে। সহকারি শিক্ষক রাসেল তঞ্চঙ্গ্যা প্রেষণে পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছে। অপর দুইজন শিক্ষক উথোয়াইন মারমা এবং রাম দৌ পাংখোয়া প্রধান শিক্ষক চলতি দায়িত্বে প্রমোশন পাওয়ায় তারা যার যার দায়িত্বপ্রাপ্ত স্কুলে যোগদান করেছেন। ফলে বর্তমানে এ স্কুলে আমি একজনই মাত্র প্রধান শিক্ষক রয়েছি।’
তিনি বলেন, প্রধান শিক্ষক হিসেবে আমার অনেক অফিসিয়াল দায়িত্ব রয়েছে। আমি অফিসিয়াল কাজ করলে ক্লাস থেকে যায় আর ক্লাস করালে অফিসিয়াল কাজ থেকে যায়। এছাড়াও একটি ক্লাসে পাঠদান করতে অন্য ক্লাসগুলো থেকে যায়। তাছাড়া অফিসিয়াল দায়িত্বে মাঝে মধ্যে উপজেলা কিংবা অন্য কোথাও যেতে হলে তখন স্কুলের অবস্থা কী দাঁড়াবে? তখন কী স্কুল বন্ধ রেখে যাওয়া আমার সম্ভব হবে? নাকি অফিসিয়াল কাজে না গিয়ে পারব! তখন আমার সমস্যাটা কে দেখবে? অফিস দেখবে নাকি ছাত্র-ছাত্রীর অভিভাবক কিংবা স্কুল ব্যবস্থাপনা কমিটি দেখবে। অভিভাবক কিংবা ম্যানেজিং কমিটিও ছাড় দিলো কিন্তু ক্লাস না হলে ছাত্রদের অবস্থা কি হবে। এখন একজন মাত্র শিক্ষক দিয়ে একটা স্কুলের এতগুলো শ্রেণির ক্লাস কিভাবে চলতে পারে এ নিয়ে কর্তৃপক্ষের সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার বলে জানান তিনি।
স্কুল ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চন্দ্র বিকাশ তঞ্চঙ্গ্যা ও সদস্য ভরত চন্দ্র তঞ্চঙ্গ্যা বলেন, ‘মাত্র একজন শিক্ষক দিয়ে একটি স্কুল চলতে পারে না। স্কুলে আরও শিক্ষক দিতে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’ তারা আরও জানান, ‘অত্র স্কুলের চারজন শিক্ষক হতে একজন প্রেষণে অন্য স্কুলে আছেন। দুইজন প্রমোশনে অন্য স্কুলে যোগদান করেন। একজন সহকারি শিক্ষক মাতৃত্বকালীণ ছুটিতে আছেন। এখন সম্প্রতি যোগদানকৃত প্রধান শিক্ষক সুকুমার তঞ্চঙ্গ্যা একজনই মাত্র স্কুলে শিক্ষক রয়েছেন। তিনি অফিস কার্যক্রমসহ কিভাবে এতগুলো শ্রেণীতে ক্লাশ চালাবেন। এ সমস্যাগুলো কর্তৃপক্ষের আগে থেকে দেখা উচিত।’
এ প্রসঙ্গে ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা বলেন, ওই স্কুলে আগে ৪ জন শিক্ষক ছিলেন তা আমি জানতাম। কিন্তু বর্তমানে স্কুলের যে, এমন অবস্থা তা আমাকে কেউ জানায় নি। তবে এ অবস্থায় একটা স্কুল চলতে পারে না। ওই স্কুলে ক্লাসও বেশি; ছাত্র সংখ্যাও বেশি। একজন শিক্ষক দ্বারা কিভাবে একটা স্কুল চলবে । তাছাড়া একজন প্রধান শিক্ষকের অফিসয়াল কাজও রয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে এ বিষয়ে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন তিনি।
বিলাইছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা জানান, ‘তক্তানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষক রয়েছে সেটা সত্য। তবে জাতীয় নির্বাচনের আগে তার কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। এখন সবকিছু স্থগিত রয়েছে। নির্বাচনের পরেই তা ব্যবস্থা নেওয়া হবে।’