খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি সভা সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) দুপুরে সভার আয়োজক চেঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ’ সভা অনুষ্ঠিত হয়। ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ, স্ট্রেনদেনিং হেলথ আউটকামস ফর ওমেন এন্ড চিলড্রেন প্রজেক্ট’র উদ্বোধন করেন।
“প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি,প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি।”- প্রতিপাদ্য বিষয়ের আলোকে, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালাচাঁন চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ ময় চাকমা,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু, ১নং লোগাং ইউপি প্যানেল চেয়ারম্যান জাপান চাকমা।
এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নবকুমার চাকমা, পরিবার পরিকল্পনা কার্যলয়ের এফপিআই সুজেশ চাকমা, সহকারী প.প. কর্মকর্তা তীরনী চাকমা প্রমূখ, পরিবার পরিকল্পনা পরিদর্শক বাবুল মিয়া, ইপসা কর্মকর্তা মিহির চাকমা প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, ‘প্রতিটি গর্ভবতী মায়ের জন্য উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা নিরলসভাবে কাজ করছে। “ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট”,-পরিবার পরিকল্পনা বিষয়ে জনগণকেও আরও বেশি সচেতন করতে হবে।’
এ সময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “আর্থিক অসামর্থ্য, সামাজিক বাধা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দুর্গম এলাকা থেকে গর্ভবতী মায়েরা সেবাকেন্দ্রে এসে সেবা নিতে পারেন না। অপ্রতুল থাকার ব্যবস্থাসহ আরও কিছু সমস্যা রয়েছে। আমরা আগামী ১ বছরের মধ্যে প্রতিটি পরিবারকে প্রাতিষ্ঠানিক সেবার আওতায় নিয়ে আসার লক্ষে কাজ করে যাচ্ছি।”
তিনি জানান, এই নভেম্বর মাসে ৭টি এবং সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত ১৭ টি নরমাল ডেলিভারী সম্পন্ন হয়েছে। দিনকে-দিন সেবাগ্রহীতার সংখ্যা বাড়ছে। এসব কেন্দ্রে ২৪ ঘন্টা সপ্তাহের ৭দিনই সেবাদান করা হয়। জনবল বৃদ্ধি পেলে জনগণকে আমরা আরও বেশি সেবাদান করতে পারবো।”
এছাড়াও জনগণকে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য বিষয়ে ২৪/৭ দিন সরাসরি তথ্য, পরামর্শ দেয়ার জন্য “সুখী পরিবার’-নামে একটি কল সেন্টার স্থাপন করা হয়েছে। ‘১৬৭৬৭’ নাম্বারে কল করে বিনা মূল্যে সেবাগ্রহণ করতে পারবেন। নিরাপদ প্রসবের জন্য সঞ্চয়ে উৎসাহিত করতে গর্ভবতীদের জন্য ‘মায়ের ব্যাংক’ চালু করা হয়েছে। সারাদেশে সকল সেবাকেন্দ্র হতে পরিবার পরিকল্পনা সামগ্রী ও ২২ রকমের ঔষধ বিনামূল্যে দেয়া হচ্ছে বলে সভায় অতিথিদেরকে জানানো হয়।
