‘দেশ দিন দিন উন্নত হচ্ছে, এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। কিন্তু সে তুলনায় রাঙামাটির উন্নয়ন হচ্ছে না। কারণ গত সংসদ নির্বাচনে একটি মহল ভোট ডাকাতি করে এমন একজনকে সংসদ সদস্য বানিয়েছে, যে গত পাঁচটি বছরে নিজ যোগ্যতা বলে রাঙামাটিতে একটি উন্নয়নমূলক কাজের জন্যে ইটও বসাতে পারেনি। তবে দেশের সাথে তাল মিলিয়ে পার্বত্য জেলা রাঙামাটিকেও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী এ জেলাকে বিশেষ নজরে রেখেছে বলে বেশ কিছু উন্নয়নমূলক কাজও হয়েছে। তা একান্ত আওয়ামী লীগের প্রচেষ্টা ও সৎ ইচ্ছার কারণে হয়েছে, না হয় এটুকুও হওয়া সম্ভব ছিলো না। তাই পিছিয়ে পড়া রাঙামাটির উন্নয়নকে আরো এগিয়ে নিতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।’
শনিবার বিকালে কাপ্তাই উপজেলাধীন ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের উন্নয়ন কাজসমূহের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও উদ্বোধন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এবং রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এসব কথা বলেন।
চন্দ্রঘোনা ইউনিয়ন শাখার আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভায় চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য থোয়াইছিং মারমা, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক বেবী, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার আরো বলেন, ‘বিএনপি জামাত জোট দেশের উন্নয়ন চায় না, দেশকে জঙ্গীবাদের রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়। দেশের নৈরাজ্য সৃষ্টি করে জঙ্গীবাদী রাষ্ট্র বানানোর পাঁয়তারা এখনো চালাচ্ছে বিএনপি। তাই এই নৈরাজ্য ও জঙ্গীবাদী সৃষ্টিকারীদের এবং পার্বত্য জেলা রাঙামাটিতে যারা চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত তাদের প্রতিহত করতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে দেশের মানুষকে।’
এর আগে সকালে তিনি কর্ণফুলী সরকারি কলেজের ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন, কে আর সি উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখী একাডেমি ভবনসহ বেশ কয়েকটি ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন।
