বান্দরবানে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করেছে মধু পূর্ণিমা। এ দিনটি উপলক্ষে সোমবার সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষেরা বান্দরবান জেলা শহরের উজানি পাড়া মহা বৌদ্ধ বিহার, রাজ বিহার, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, কালাঘাটা গৌতম বিহার, জ্ঞানরতœ বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে প্রার্থনার জন্য জড়ো হতে থাকে।
এসময় শত শত বৌদ্ধধর্মাবলম্বী নর-নারী বৌদ্ধ বিহারে গিয়ে বৌদ্ধ ভিক্ষুদের ফলমূল ও মধু দান করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনায় জড়ো হন। এসময় উজানি পাড়া মহা বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও উপাসক উপাসিকাবৃন্দদের শীল প্রদান ও ধর্মীয় দেশনা প্রদান করেন উজানি পাড়া মহা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উ. চাইন্দা ওয়ারা মহাথের।
এসময় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্য সংঘদান, অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ্জলনসহ নানা কর্মসূচি পালন করা হয়।
বৌদ্ধ ধর্মালম্বীরা জানান, এই পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই ঘটনাকে স্মরণ করেই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই মধু পূর্ণিমা উদযাপন করে। বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো এই মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকেই ভাদ্র পূর্ণিমা বলে থাকে।
