বান্দরবানের বাইশারীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী আনোয়ার বলি নিহত হয়েছে। এসময় পুলিশের ২ জন কনস্টেবল আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকালের বাইশারীর মাল্টা বাগান এলাকা থেকে পুলিশ তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।’
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নের মাল্টা বাগান এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ এবং ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশের একটি ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এসময় পুলিশও আত্মরক্ষায় গুলি ছুড়লে বন্দুকযুদ্ধে আনেয়া বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শীর্ষ সন্ত্রাসী আনোয়ার বলি (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ সকালে মাল্টা বাগান এলাকা থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় তৈরি বন্দুক, ২ রাউন্ড গুলি এবং ৪টি গুলির খোসা উদ্ধার করেছে। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। এ ঘটনায় পুলিশের ২ জন কনস্টেবল আহত হয়েছে। এরা হলেন-কনস্টেবল জ্যোতিময় চাকমা ও সুলতান আহমেদ। আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার বিষয়ে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিং করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, নাইক্ষ্যংছড়ি, বাইশারী, রামু, গর্জনিয়া, ঈদগড় এলাকার মানুষ দুর্ধর্ষ ডাকাত গ্রুপ আনোয়ার (আনেয়া) অত্যাচারে অতিষ্ঠ। অস্ত্রধারী ডাকাত গ্রুপের অবস্থানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী আনোয়ার বলি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। তার বিরুদ্ধে রামু থানায় ১টি হত্যা মামলা এবং নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অপহরণ এবং ডাকাতির ৪টি মামলা রয়েছে। আহত পুলিশ কনস্টেবলদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।