শুক্রবার (২৭ এপ্রিল) রাঙামাটির বাঘাইছড়ি পৌর এলাকা থেকে অপহৃত দুই কিশোর ও এক যুবককে মুক্তি দেয়া হয়েছে বলে শনিবার জানিয়েছে অপহরণের অভিযোগ করা ইউপিডিএফ। শুক্রবার বিকেল তিনটার দিকে বাঘাইছড়ি পৌর এলাকা থেকে দন্তু চাকমার নেতৃত্বে জেএসএস (এমএন লারমা)’র একটি সশস্ত্র গ্রুপ তাদেরকে জোর করে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছিলো তারা।
অপহৃতরা হলেন সাজেকের বাঘাইহাট এলাকার হাজাছড়া গ্রামের সুমতি চাকমার ছেলে বিশ^ কল্যাণ চাকমা (১৬) ও সুনীল চাকমার ছেলে নিশান চাকমা(১৭) এবং রপকারী এলাকার হেঙত্তে চাকমার ছেলে রিপন চাকমা (৩০)।
এদের মধ্যে অপহৃত নিশান চাকমার মা নিরূপা চাকমা সাজেক নারী সমাজের সভাপতির দায়িত্ব পালন করছেন।
শনিবার দুপুর ১২টার দিকে বাঘাইছড়ির বাবুপাড়া থেকে সাজেক ইউপির মেম্বার কালাকুচু চাকমার জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উক্ত অপহরণ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি জেএসএস (এমএনলারমা)- ‘জুম্ম রাজাকার’ আখ্যায়িত করে বলেন, ‘একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর পৃষ্ঠপোষকতায় রাজাকার ও আল-বদর বাহিনী নিজ জাতির জনগণের বিরুদ্ধে যা করেছিল সংস্কারবাদীরাও পাহাড়ি জনগণের উপর তাই করছে।’
একই বিবৃতিতে তিনি আরো বলেন, ‘তবে একাত্তরে যেমন রাজাকার-আলবদরদের পরাজয় হয়েছে, দুনিয়ায় সকল বিপ্লবী আন্দোলনে ও স্বাধীনতা সংগ্রামে প্রতিক্রিয়াশীল গণশত্রুরা যেমন ধ্বংস হয়েছে, সংস্কারবাদীদেরও তাই হবে।’
তিনি একই সাথে ‘অবিলম্বে খুন, অপহরণ ও জাতি ধ্বংসের রাজনীতি’ পরিহার করে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনে সামিল হওয়ার জন্য সংস্কারবাদীদের (জেএসএসএস-এমএনলারমা) প্রতি আহ্বান জানান।