রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় তিন পাহাড়ি যুবককে অপহরণের খবর পাওয়া গেছে। শুক্রবার বিকালে তিনটার দিকে তাদেরকে বাঘাইছড়ি পৌর এলাকা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএসÑএমএনলারমা গ্রুপ) দায়ী করেছে ইউপিডিএফ।
ইউনাইঢেড পিপল্স ড্রেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা অভিযোগ করেন, শুক্রবার বিকালে তাদের অপহরণ করে নিয়ে যায় সংস্কারপন্থী (জেএসএসÑএমএনলারমা গ্রুপ) সন্ত্রাসীরা। তাদের অপরাধ তারা কেবল ইউপিডিএফ সমর্থন করেন।
অপহৃতরা হলেন- সাজেকের বাঘাইহাট এলাকার হাজাছড়া গ্রামের সুমতি চাকমার ছেলে বিশ্ব কল্যাণ চাকমা (১৬) ও সুনীল চাকমার ছেলে নিশান চাকমা (১৭) এবং রুপকারী এলাকার হেঙত্তে চাকমার ছেলে রিপন চাকমা (৩০)। অপহৃত নিশান চাকমার মা নিরুপা চাকমা সাজেক নারী সমাজের সভাপতি দায়িত্বে রয়েছেন।
তবে এই বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) কারো বক্তব্য পাওয়া যায়নি।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমরা এ ধরণের কোন খবর শুনিনি। আর থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগও করেনি।