সাগর চক্রবর্তী কমল,মাটিরাঙ্গা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় স্থিতিশীলতা ও শান্তিবজায় রাখার লক্ষে দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন। অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান অংশ হিসেবে সেলাই মেশিন, সোলার, ঢেউটিন এবং নগদ অর্থসহ ১৫০টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ মার্চ) সকাল ১০ টার দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ মাঠে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ, ঘর নির্মাণ সামগ্রী, এতিম খানার জন্য সিলিং ফ্যান, আত্মনির্ভরশীল কাজের জন্য সেলাই মেশিন প্রদান করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি।
এছাড়াও, প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলে বসবাসরত অসহায়-হতদরিদ্র বাঙ্গালী ও পাহাড়ীদের মাঝে পবিত্র রমাজান মাস উপলক্ষ্যে ১৫০টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় ত্রাণ ও ইফতার সামগ্রী পেয়ে সাধারণ জনগন আবেগে আপ্লুত হন এবং সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার অসহায়-হতদরিদ্র বাঙ্গালী ও পাহাড়ীদের মাঝে মানবিক সহায়তা প্রদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।
প্রধান অতিথির বক্তব্যে সরকারী সহায়তার পাশাপাশি বিত্তবানদের ব্যাক্তি উদ্যোগে অসহায়-হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, মানুষ মানুষের জন্য এ উপলব্ধি থেকে সকলকে কাজ করতে হবে। মানুষ ভালো থাকলে আল্লাহ খুশী থাকেন আর তখনই জমিনে শান্তি নেমে আসে। এলাকায় শান্তি থাকলে সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত হবে। তিনি একজনকে অন্যজনের বিপদে পাশে দাঁড়ানোরও আহবান জানান।
তিনি আরো বলেন, সেনাবাহিনী পাহাড়ের শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি সমাজের অসহায়-দু:স্থ মানুষগুলোর জন্য কাজ করার চেষ্ঠা করছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
বিশেষ মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন পিএসসিসহ জোনের অন্যান্য অফিসারবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
