রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সহযোগিতায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায়দের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজিবি জোন সদরে রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে.কর্নেল হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল, ডাল, ছোলা, তেল, চিনি, আলু, লবণ বিতরণ করেন।
অনুষ্ঠানে লে.কর্নেল হাফিজুর রহমান বলেন, পবিত্র মাহে রমজানে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের জীবন মান উন্নয়নে এটি বিজিবি সহায়তা। আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছি। আগামীতেও এটা অব্যাহত থাকবে।
এ সময় রামগড় জোনের সহকারী পরিচালক রাজু আহমেদ, বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
