খাগড়াছড়ি প্রতিনিধি ॥
রমজান উপলক্ষে খাগড়াছড়িতে ৫শ দরিদ্র অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ ফুটবল মাঠ ইফতার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান, ব্রিগেড মেজর মো. ইমরোজ মুনীরসহ পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা ও শান্তি সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোজার মাঝে অমাদের আশেপাশে যেসব গরীব অসহায় মানুষ রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য ছোট্ট এ উদ্যোগ গ্রহণ করেছি। রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনসহ প্রত্যন্ত এলাকার মানুষের জন্য রিজিয়নের সামর্থ্য অনুযায়ী এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলা, তেল, লবণ, চিনিসহ ১৬ প্রকারের সামগ্রী।
