বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে তিন ব্যাপী পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্টি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে দ্বিতীয়বারের মত আয়েজিত বৌদ্ধ ভিক্ষু পরিষদ সম্মেলনের উদ্ভোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পার্বত্য ভিক্ষু পরিষদের সদস্য ও অংজেয়া জাদি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাইন্দিয়া থের, পার্বত্য ভিক্ষু পরিষদের যুগ্ন সম্পাদক তিক্ষিন্দ্রিয় থৈর প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ভিক্ষু সম্মেলনে তিন পার্বত্য জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের কয়েক শতাধিক বৌদ্ধ ভিক্ষুরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, দেশের উন্নয়নের জন্য শান্তির কোন বিকল্প নেই। গৌতম বুদ্ধের বাণী সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। গৌতম বুদ্ধ সবসময় শান্তির বার্তা দিয়েছিলেন, আর সেই বার্তা আমাদের এখনও সকলের মাঝে প্রবাহমান।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও শান্তিতে বিশ্বাস করে। পার্বত্য এলাকায় যে শান্তি বিরাজ করছে, তার জন্য আওয়ামীলীগ সরকার বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশের উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রেখেছেন।
আয়োজকরা জানান, দ্বিতীয় পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলনে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলার প্রায় ৫ শতাধিক বৌদ্ধ ভিক্ষু অংশ গ্রহণ করেছে। এবার তিন দিনব্যাপী কর্মসূচীতে বিশ্ব শান্তি কামনা, বুদ্ধ শাসন প্রতিষ্ঠা, শিক্ষা উন্নয়ন এবং বৌদ্ধ ভিক্ষুদের আরো অধিক জ্ঞান বৃদ্ধিতে নানা ধরণের কর্মসুচী বাস্তবায়িত হবে। আগামী ১৯ মার্চ সমাপনী দিনে সমাজ সেবা ও অনন্য অবদানকারীদের সম্মাননা সনদ প্রদানের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হবে।
