বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা’সহ ৩ জনকে অপহরণ করা হয়েছে। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অপহরণের বিষয়টি স্বীকার করেছে। বৃহস্পতিবার বিকালে বগালেক-ক্যাওক্রাডং সড়ক নির্মাণ এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রগুলো জানায়, পর্যটন শিল্পের বিকাশ, নিরাপত্তা জোরদার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বগালেক পর্যটন স্পট থেকে ক্যাওক্রাডং পাহাড় চূড়া হয়ে সেনাবাহিনীর তত্বাবধানে সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। নির্মাণ কাজ দেখাশোনা করতে গেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা’সহ ৩ জনকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। অপহৃতরা হলেন-সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়ানের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: আলোয়ার হোসেন (৫৪), ট্রাকের চালক মো: মামুন এবং শ্রমিক আব্দুর রহমান (২৭)। অপহরণের খবরে সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে দীর্ঘপথ পায়ে হেটে পাড়ি দিয়ে নির্মাণ কাজ ছেড়ে পালিয়ে গেছে সড়ক নির্মাণ কাজের শ্রমিকেরা। এদিকে অপহরণের বিষয়টি স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ)। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অপহরণের খবর পেয়েছি। তবে অপহৃতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে থানচিতে গতশনিবার সীমান্ত সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত গাড়ীতে ব্রাশ ফায়ার করেছিল বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ)। এসময় ২ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় নির্মাণ কাজের ঠিকাদার আনোয়ার, জিয়া’সহ তিন জনকে অপহরণ করে নিয়ে গিয়েছিল সশস্ত্র সংগঠনটি। অপহরণের কয়েকদিন পর শারীরিক মানষিক নির্যাতনের পর তাদের মুক্তি দেয়া হয়। এরআগে গত১২ মার্চ গ্রামবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প করতে গেলে সেনাবাহিনীর টিমের উপরে গুলি বর্ষণ করে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনটি। কেএনএফ’র গুলিতে সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদিনের মৃত্যু হয়। এসময় আরও দুজন সৈনিক গুলিবিদ্ধ হয়।
অপরদিকে নব্য জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যদের অর্থের বিনিময়ে পাহাড়ের অরণ্যে জঙ্গী প্রশিক্ষণে সহযোগীতার অভিযোগ রয়েছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ) বিরুদ্ধে। গতবছরের অক্টোবর থেকে পার্বত্য চট্টগ্রামে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে র্যাব’সহ যৌথ বাহিনী। অভিযানে ইতিমধ্যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ) ১৭ জন সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম’সহ দেশের বিভিন্ন স্থান থেকে নব্য জঙ্গী সংগঠনের ৬৮ জনকে গ্রেফতার করেছে র্যাব।
এদিকে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী চলমান অভিযোগের কারণে বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি এবং থানচি ৩টি উপজেলায় নিরাপত্তা বিবোচনায় অনিদিষ্টকালের জন্য দেশী-বিদেশী পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। তারমধ্যে গতবছরের আঠারো অক্টোবর থেকে একটানা চলছে রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা। তবে রোয়াংছড়ি ও থানচি উপজেলা ভ্রমণ নিষেধাজ্ঞা কয়েকদফায় প্রত্যাহার করা হলেও ১৫ই মার্চ এক প্রজ্ঞাপনে অনিদিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম বলেন, তিনটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনিদিষ্টকালের নিষেধাজ্ঞা রয়েছে। আইনশৃঙ্খলঅ রক্ষায় কাজ করছে পুলিশ। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশও।
