নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে বান্দরবানের রুমা উপজেলার পর রোয়াংছড়ি ও থানচিতে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ মার্চ ভোর থেকে এই আদেশ কার্যকর থাকবে। পরবর্তী সিদ্ধান্ত ঘোষণার পূর্ব পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে রুমা, রোয়াংছড়ি ও থানচি ছাড়া জেলার অন্য চার উপজেলায় পর্যটক ভ্রমণ উন্মুক্ত থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত ১২ মার্চ রোয়াংছড়িতে গুলি করে সেনা সদস্য হত্যার ঘটনা এবং থানচিতে অপহরণ ঘটনার পর আবারও অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ম্যাজিস্ট্রেট মুহা. আবুল মনসুর বলেছেন, জননিরাপত্তা আর জনস্বার্থের বিষয় চিন্তা করে এই সিদ্ধান্ত । প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী থানচিতে পর্যটকদের নিরুৎসাহিত করার পর এখন থানচি উপজেলায় নতুন করে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী কোনও নির্দেশনা পাওয়া না পর্যন্ত থানচি রুমা ও রোয়াংছড়ি তিন উপজেলাতে অনির্দিষ্ট সময়কালের জন্য এটি বলবৎ থাকবে।
