বান্দরবানের লামায় মারমা নারী ধর্ষক পলাতক মো. কায়সার ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারী মো. সাদ্দামকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা। সোমবার বেলা ৩টার দিকে খাগড়াছড়ি সদরের স্বনির্ভরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা, জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক শান্ত চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিধনের উদ্দেশ্যে শাসকগোষ্ঠী প্রতিনিয়ত ভূমি বেদখল, নারী নির্যাতন ও অন্যায় দমন-পীড়ন জারি রেখেছে। গত ২৪ ফেব্রুয়ারি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এক মারমা নারীকে ধর্ষণ ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনাও তার ব্যতিক্রম নয়। ফলে এসব ঘটনার কোন সুষ্ঠু বিচার হয় না।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে বান্দরবানে লামায় মারমা নারী ধর্ষক মো. কায়সার ও খাগড়াছড়ি মাটিরাঙ্গায় গৃহবধূকে ধর্ষণের প্রচেষ্টাকারী মো. সাদ্দামকে গ্রেফতাপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধর্ষণসহ সকল ধরনের নারী নির্যাতন ও যৌন সহিংসতা বন্ধ এবং ধর্ষকদের রক্ষাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। (প্রেস বিজ্ঞপ্তি)
